নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে চৈতনকান্দা এলাকায় টহল দেওয়ার সময় ক্যাপ্টেন মোজাম্মেলের (৪৫ এমএলআরএস) নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন রিপন মিয়া (৪০), হৃদয় (২২) এবং কামাল হোসেন (৬০)। তারা সবাই আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে রাত ১টা দিকে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকসহ আড়াইহাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।