মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঢাকা–বরিশাল–চাঁদপুর ও ভোলা নৌরুটে ঘন কুয়াশার কারণে মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। অনেক যাত্রী দুর্ঘটনার সময় নদীতে পড়ে যায় বলে আশংকা করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোলা চরফ্যাশন ঘোষের হাট থেকে বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এম ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি। অপরদিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি। পথিমধ্যে চাঁদপুর হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে রাত আনুমানিক দেড়টার দিকে দুই লঞ্চের সংঘর্ষ হয়। এতে অন্তত চার জন নিহত হয়েছে বলে জানা যায়।

সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের লাশ পাওয়া গেছে। আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তিনি নিহতের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি।

সম্রাট লঞ্চের প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, আমাদের লঞ্চটি ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ অ্যাডভেঞ্চার লঞ্চটি সম্রাট লঞ্চটির পেট বরাবর (মাঝখানে) জোরে ধাক্কা দিলে সাথে সাথে ১ জন মহিলা ও ২ জন পুরুষ যাত্রী স্পটে নিহত হন।  যেই মহিলা নিহত হয়েছেন, তিনি দুই লঞ্চের ধাক্কায় দ্বি-খন্ডিত হয়েছেন এবং পুরুষ যাত্রীর মাথার মগজ বের হয়ে গিয়েছে বলে তারা জানান।

আরেক যাত্রী বলেন, দুই লঞ্চের ধাক্কায় সম্রাট লঞ্চের পাশের দিকটি চূর্ণ-বিচূর্ণ হওয়ার কারণে অনেক যাত্রী নদীতে পড়ে যায়। এদিকে মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার ৯ লঞ্চকে আটক করা হয়েছে বলে জানা যায়।