বঙ্গোপসাগরে পারমাণবিক সক্ষমতার শক্তিশালী প্রদর্শনী হিসেবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির গণমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস আরিঘাট’ থেকে ‘কে-৪’ নামের সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। বিশাখাপত্তনম উপকূলের কাছাকাছি এলাকায় এ পরীক্ষা পরিচালিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, কে-৪ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি ভারতের এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ পাল্লার সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
এনডিটিভি জানায়, কে-৪ এসএলবিএম গত বছরের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্রের তলদেশ—এই তিন মাধ্যম থেকেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দেশগুলোর সীমিত তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভারত।
ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির ওপর ভিত্তি করে কে-৪ ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। স্থল সংস্করণটিকে পরবর্তীতে সমুদ্র থেকে উৎক্ষেপণের উপযোগী করে রূপান্তর করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, কে-৪ ক্ষেপণাস্ত্রটি প্রায় ২ দশমিক ৫ টন পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং এটি ভারতের অরিহন্ত-শ্রেণির পারমাণবিক সাবমেরিন থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে।