ভোলা

লঞ্চ দুর্ঘটনায় নিহত পরিবারে চলছে শোকের মাতম

চাঁদপুরে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় ভোলায় নিহত পরিবারে চলছে শোকের মাতম। ইতোমধ্যে চারজনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তারা নিহতদের তথ্য এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেননি। তবে স্থানীয়দের তথ্য অনুযায়ী চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই ভোলা জেলার। এদের মধ্যে একজন চরফ্যাশন যিনি বয়োবৃদ্ধ এবং তিনজন লালমোহন উপজেলায়।  বিভিন্ন কর্মক্ষেত্রের কারণে তারা ঢাকায় থাকেন।

নিহতরা হলেন জেলার লালমোহন উপজেলার নাজিরাবাদের সাজু (৪৫), একই এলাকার আব্দুল গনি (৩৮), একই উপজেলার কচুখালি গজারিয়া গ্রামের রিনা (৩৫) ও  চরফ্যাশন উপজেলার আহমেদপুর গ্রামের মো. হনিফ (৬০)।

দুর্ঘটনায় সদস্যদের হারিয়ে পরিবারগুলোতে শোকের মাতম চলছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পর্যন্ত নিহতদের মরদেহ পৌঁছেনি। মরদেহের অপেক্ষায় রয়েছে পরিবারগুলো।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ভোলার ঘোষেরহাট থেকে ঢাকায় আসছিল এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ। ঘন কুয়াশার কারণে হরিনা এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ ধাক্কা দেয় লঞ্চটিকে। মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় এমভি জাকির সম্রাট।