‘শখের সাগর যাত্রাই শেষ যাত্রা’

মাছ ধরা দেখবে শখ করে বাবার সঙ্গে সাগরে গিয়েছিল ১২ বছরের শিশু সিয়াম। কিন্তু সেই আনন্দের যাত্রাই পরিণত হলো জীবনের শেষ যাত্রায়। পটুয়াখালীর রাঙ্গাবালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবে বাবা শামীম ও ছেলে সিয়ামের মৃত্যু হয়েছে।

নিহত শামীম উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট এলাকার বাসিন্দা ও ট্রলার মালিক মো. সিদ্দিক জোমাদ্দারের ছেলে। শিশু সিয়াম ছিল সিদ্দিক জোমাদ্দারের নাতি, সে চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শামীমের বাবা ও ট্রলার মালিক মো. সিদ্দিক জোমাদ্দার জানান, গত ২১ ডিসেম্বর চরগঙ্গা বাঁধঘাট বাজার এলাকা থেকে তার ট্রলারে করে শামীম, সিয়ামসহ আরও ছয়জনকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে রওনা হন। টানা দুই দিন মাছ ধরার পর বুধবার রাতে ট্রলারটি পাইপ বয়া এলাকায় নোঙর করে রাখা হয়। হঠাৎ ঝড়ো বাতাসের কারণে ট্রলারের নিচের অংশ ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি কাত হয়ে অল্প সময়ের মধ্যেই ডুবে যায়। দুর্ঘটনার সময় নাতি সিয়াম ও শামীম ট্রলারের ভেতরেই আটকা পড়েন।  এ সময় তারা বাকি চারজন ট্রলারের ভাসমান অংশ ধরে পাঁচ-ছয় ঘণ্টার বেশি সময় সাগরে ভেসে থাকেন। পরে বৃহস্পতিবার ভোরে কাছাকাছি থাকা একটি  ট্রলার ঘটনাস্থলে পৌঁছে তাদের জীবিত উদ্ধার করে। কিন্তু ট্রলারের ভেতরে থাকা শামীম ও তার শিশু সন্তান মারা যান।

পরে রাতে ট্রলারের ভেতর থেকেই শামীমের মরদে উদ্ধার করা হয়। এরপর শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রলারডুবির ঘটনাস্থল থেকে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। পরে দুপুর আড়াইটার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিরাজুল ইসলাম জানান, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নৌপুলিশ তদন্ত করছে৷