তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতারা। আজ শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি (তারেক রহমান) ওখান থেকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেহেতু পুষ্পস্তবক অর্পণ করার একটি নিয়মনীতি রয়েছে, সেটি সূর্যাস্তের আগে, তাই আমরা তার পক্ষ থেকে ৫টা ৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করলাম। তিনি কিছুক্ষণ পরেই আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর; ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।