জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে সই করেন তারেক রহমান

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে স্মৃতিসৌধে পৌঁছান এবং শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সূর্যাস্তের আগেই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনা ছিল তারেক রহমানের। কিন্তু ঢাকা-আড়িচা মহাসড়কের দুই পাশে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের ভিড়ে গন্তব্যে পৌঁছাতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগে যায়।

তাই শুক্রবার বিকাল ৫টা ৬মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর; ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি। প্রায় সাড়ে ৪ ঘণ্টা যাত্রার পর তিনি স্মৃতিসৌধের প্রাঙ্গণে পৌঁছান। এ সময় ঢাকা-আড়িচা মহাসড়কের দুই পাশে অপেক্ষায় থাকা হাজার হাজার উৎসুক জনতার দিকে হাত নেড়ে হাসিমুখে সাবলিলভাবে সাড়া দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকাটি আগে থেকেই সাজিয়ে-গুছিয়ে রাখা হয়। এ সময় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়।