ঢাকায় শুরু হয়েছে মডেল ইউনাইটেড নেশনস-২০২৫

ন্যায্য জ্বালানি রূপান্তরে মানুষের জীবন ও সমতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস-২০২৫। এবারের প্রতিপাদ্য ‘জাস্ট এনার্জি ট্রানজিশন’। গতকাল শুক্রবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রাঙ্গণে এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামীকাল রবিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন, দ্য টাইমস অব বাংলাদেশের প্রকাশক মো. মাসুদ রাজ্জাক এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ইউনিস্যাবের সাবেক সভাপতি ড. তৌফিক জোয়ার্দার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কূটনীতি শুধু প্রযুক্তিগত বা নীতিগত সমাধানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর সঙ্গে ন্যায়বিচার, মানবিক দায়বদ্ধতা ও নৈতিক স্বচ্ছতাও জড়িত। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিজ্ঞতা এই আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস তরুণদের বাস্তব কূটনীতির জটিলতা বোঝার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি বলেন, ‘ন্যায্য জ্বালানি রূপান্তর শুধু জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে যাওয়ার প্রশ্ন নয়; এটি মানুষের জীবন, সমতা ও যৌথ দায়িত্বের সঙ্গেও সম্পৃক্ত।’

তিনি আরও বলেন, সব দেশের জন্য এক ধরনের সমাধান কার্যকর নয় এবং কূটনীতি মূলত প্রতিযোগিতা নয়, বরং সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রক্রিয়া।

ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ বলেন, মডেল ইউনাইটেড নেশনস বিতর্কের চেয়েও বেশি ভিন্নমত বোঝার অনুশীলন। তরুণরা আগামী ২৫ বছরে কেমন বাংলাদেশ দেখতে চান, সে বিষয়ে ভাবনার আহ্বান জানান তিনি।

ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে হলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও বাস্তব চিন্তার মধ্যে সংযোগ তৈরি করতে হবে।

বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস ২০২৫ আয়োজন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টাইমস অব বাংলাদেশ।