মৃদু শৈত্যপ্রবাহ বইছে যশোরে, তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

যশোরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৭ ডিসেম্বর) পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, এ সময় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশ সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। 

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

আবহাওয়া পর্যালোচনায়:  ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ। ৬ দশমিক ১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া ৪ দশমিক ১ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে  তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়।