ম্যাককালামের বদলে রবি শাস্ত্রীকে ইংল্যান্ডের কোচ করার দাবি!

অস্ট্রেলিয়ার কাছে মাত্র ১১ দিনে অ্যাশেজ সিরিজ হারের পর ইংল্যান্ড দলে পরিবর্তনের দাবি উঠেছে। সাবেক ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসার মনে করেন, বর্তমান প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে হঠিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীকে ইংল্যান্ডের কোচ করা হোক। চলতি অ্যাশেজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ায় ম্যাককালামের নেতৃত্ব ও তার আলোচিত আক্রমণাত্মক ‘বাজবল’ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে।

রবি শাস্ত্রীর অধীনে দুই বার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তাই মন্টি পানেসার বলেন, ‘আপনাকে ভাবতে হবে, অস্ট্রেলিয়াকে হারানোর উপায় কে সবচেয়ে ভালো জানে। মানসিকভাবে, শারীরিকভাবে ও কৌশলগতভাবে অস্ট্রেলিয়ার দুর্বলতা কীভাবে কাজে লাগাতে হয়, সেটা রবি শাস্ত্রী জানেন। আমার মতে, ইংল্যান্ডের পরবর্তী প্রধান কোচ হওয়া উচিত রবি শাস্ত্রীর।’

পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে ম্যাককালামের অধীনে ইংল্যান্ড দল টেস্ট ক্রিকেটে জয়ের চেয়ে বেশি ম্যাচে হেরেছে। এই ব্যর্থতার ধারাবাহিকতাই কোচিং স্টাফে পরিবর্তনের দাবি আরও জোরালো করেছে। এদিকে অ্যাডিলেডে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলেন, ‘আমি জানি না। এটা আসলে আমার সিদ্ধান্ত নয়। এসব প্রশ্নের উত্তর অন্যদের দেওয়ার কথা।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু চেষ্টা করে যাব, ভুল থেকে শিখব এবং প্রয়োজনীয় পরিবর্তন আনব। এই দায়িত্বটা উপভোগ্য। খেলোয়াড়দের সঙ্গে বিশ্ব ঘোরা, আকর্ষণীয় ক্রিকেট খেলার চেষ্টা করা—সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। আমরা এখনো সম্পূর্ণ দল হয়ে উঠিনি, তবে আগের চেয়ে উন্নতি করেছি। আমাদের একটা পরিচয় তৈরি হয়েছে। বাকি দুই ম্যাচে সেই পরিচয়টা প্রমাণ করার চেষ্টা করব।’

মেলবোর্ন টেস্টে এই মুহূর্তে জয়ের পথেই আছে ইংল্যান্ড। অ্যাশেজ শেষে ম্যাককালামের বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে মন্টি প্যানেসারের প্রস্তাব ক্রিকেটাঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।