ভোলায় আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ওই হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আমির হোসেন (৩৬) লালমোহন পৌর এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা।
ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর,তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন জানায়, গত ২৫ ডিসেম্বর রাত ৮টার দিকে শহরের কে জাহান মার্কেটের তৃতীয় তলায় একটি আবাসিক হোটেলের ২০২ কক্ষটি বুকিং নেন আমির হোসেন। ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তার কোন সারা শব্দ না পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে হোটেল কর্তৃপক্ষ তার রুমের দরজা নক করতে থাকেন। কোন ধরনের সারা শব্দ না পেয়ে সদর মডেল থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে রুমের তালা ভেঙে কক্ষে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় মাফলা পেচানো যুবকের নিথর মরদেহ ঝুলন্ত অবস্থা পায়। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
ইন্সপেক্টর জানান, প্রাথমিকভাবে তার সুরতাহাল প্রতিবেদনে শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।