চব্বিশ ঘণ্টা আগেই সিলেট টাইটান্সের ১৯০ রান তাড়া করে ম্যাচ জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রাত পোহাতেই আজ বদলে গেল দৃশ্যপট। কোচের মৃত্যুতে শোকাহত ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী থামল মাত্র ১৩২ রানে।
শনিবার সিলেটে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফেরেন রাজশাহীর পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান (০)। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২০ রান। গতকাল বিপিএলের উদ্বোধনী দিনেই সেঞ্চুরি হাঁকানো রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন ইনিংস বড় করতে পারেননি। ২৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৭ রান করে ইমাদ ওয়াসিমের শিকার হন।
গতকাল ফিফটি করা মুশফিকুর রহিম আজ ২৩ বলে ২৪ রান করে নাসির হোসেনের দ্বিতীয় শিকার হন। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ২৬ বলে অপরাজিত ২৬ রান করলে রাজশাহীর স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৩২ রান। ঢাকার হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তানি পেসার ইমাদ ওয়াসিম। এছাড়া নাসির হোসেন নেন ৩২ রানে দুটি। একটি করে নিয়েছেন সালমান মির্জা, জিয়াউর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।