মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহতদের ভোলায় দাফন সম্পন্ন

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ভোলার চারজনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে নিহতদের নিজ নিজ বাড়ি এলাকায় জানাজা শেষে তাদেরকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এদিকে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতেই নিহতের লাশ ঢাকা থেকে ভোলায় আনা হয়। শনিবার সকাল ১০টায় লালমোহনের বদরপুর ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের নিজ বাড়ির পাশের বাবুল বিশ্বাস জামে মসজিদের সামনে নিহত আবদুল গণির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সকাল সাড়ে ১০টায় স্থানীয় মান্নান মাস্টার বাড়ি জামে মসজিদের সামনে জানাজা শেষে মসজিদের কবরস্থানে দাফন করা হয়। বেলা ১১টায় কচুয়াখালী গ্রামের নিহত পোশাক শ্রমিক মোসা. রিনার জানাযা হাজিবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হয়। অপর নিহত হানিফ মাঝির জানাযা চরফ্যাসন উপজেলার আহমদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের দালাল বাড়ি জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, লঞ্চ দুর্ঘটনায় নিহত চারজনের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুরের মেঘনায় এমভি এডভেঞ্চার-০৯ ও এমভি জাকির সম্রাট-০৩ লঞ্চর মধ্যে সংঘর্ষে ভোলার চারজন নিহত হন।