গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৫

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। 

শনিবার (২৭ ডিসেম্বর) দেশটির অগ্নিনির্বাপক বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

টাইম অফ ইন্ডিয়ার প্রতিবেদন জানা যায়, স্থানীয় অগ্নিনির্বাপক বাহিনীর মুখপাত্র লিয়ানড্রো আমাদো জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন নাবালক রয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সোলোলা ডিপার্টমেন্টের ১৭২ থেকে ১৭৪ কিলোমিটার এলাকার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্টরা জানান, ঘন কুয়াশার কারণে ওই সড়কে প্রায়ই দৃশ্যমানতা কমে যায়, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

দুর্ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে খাদে পড়ে থাকা বাস এবং উদ্ধারকাজে নিয়োজিত দমকলকর্মীদের দেখা গেছে।