রাজনীতিকে আমরা প্রায়ই, ক্ষমতার প্রতিযোগিতা হিসেবে দেখি। কে শাসন করবে, কে বিরোধিতা করবে, কে জয়ী হবে, আর কে পরাজিত হবে এই প্রশ্নগুলো সাধারণত আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু দৃশ্যমান কাঠামোর আড়ালে, রাজনীতিকে সবচেয়ে বেশি নাড়া দেয় মানুষের আবেগ। যুক্তি, নীতি বা আইন যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বাস্তবে রাজনৈতিক আচরণ ও জনসমর্থন গড়ে ওঠে আবেগের ভিতের ওপর। রাজনৈতিক সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের বহু গবেষণা দেখিয়েছে, মানুষ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে কেবল যুক্তিনির্ভর নয়; বরং তার ব্যক্তিগত অভিজ্ঞতা, ক্ষোভ, আশা ও হতাশা সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে রাগ, বিরাগ ও ক্রোধ এই তিনটি অনুভূতি বাংলাদেশের রাজনীতিতে নীরবে কিন্তু শক্তিশালী ভূমিকা পালন করছে। কখনো আবেগগুলো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি জুগিয়েছে। আবার কখনো দীর্ঘমেয়াদি অস্থিরতা, রাজনৈতিক অচলাবস্থা ও সামাজিক বিভাজনের জন্ম দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দেখা যায়, যখন জনগণের প্রত্যাশা পূরণ হয় না বা মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয়, তখন আবেগ যুক্তির জায়গা দখল করে এবং রাজনীতির গতিপথ নির্ধারণে প্রভাবশালী উপাদান হয়ে ওঠে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লক্ষ করলে স্পষ্টভাবে বোঝা যায়, এখানে আবেগ কখনো রাজনীতির সহচর হিসেবে কাজ করেছে। আবার কখনো রাজনীতিকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার শক্তিশালী উপাদান হিসেবে প্রতিভাত হয়েছে। রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের মূল ভিত্তি হলো প্রত্যাশা, আস্থা এবং পারস্পরিক বোঝাপড়া। সাধারণ মানুষ রাষ্ট্রের কাছে ন্যায়বিচার, নিরাপত্তা, সামাজিক মর্যাদা, স্থিতিশীল কর্মসংস্থান এবং মতপ্রকাশের স্বাধীনতার মতো মৌলিক অধিকার ও সুযোগ প্রত্যাশা করে। যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয়, তখন রাজনৈতিক আস্থা দৃঢ় হয়, জনগণ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করে। কিন্তু যদি এই প্রত্যাশা বারবার ভেঙে যায়, অনাবশ্যক বাধা আসে অথবা নাগরিকের স্বাভাবিক অংশগ্রহণ ও দাবি উপেক্ষিত হয়, তখন মানুষের ভেতরে ধীরে ধীরে রাগ জমতে শুরু করে। শুরুতে এই রাগ ব্যক্তিগতভাবে সীমাবদ্ধ থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা সমষ্টিগত আবেগে রূপ নেয় এবং বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক আন্দোলন ও প্রতিবাদের শক্তিশালী ভাষায় প্রকাশ পেতে শুরু করে।
রাগের একটি ইতিবাচক দিক রয়েছে। অন্যায়, বৈষম্য বা অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ না থাকলে কোনো পরিবর্তন সম্ভব নয়। ইতিহাসের অভিজ্ঞতা স্পষ্টভাবে দেখায় যে, এই ভূখণ্ডে বড় রাজনৈতিক রূপান্তরগুলো জনগণের রাগ থেকেই জন্ম নিয়েছে। ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২৪-এর ছাত্রজনতার অভ্যুত্থানের প্রতিটি পর্বে, মানুষের রাগ নৈতিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এই রাগ মানুষকে সংগঠিত করেছে, ভয়ের দেয়াল ভেঙেছে এবং রাষ্ট্রকে নতুন পথে অগ্রসর হতে বাধ্য করেছে। তাই রাগ সবসময় ধ্বংসাত্মক আবেগ নয়। বরং সঠিক নেতৃত্ব, সুস্পষ্ট লক্ষ্য এবং দায়িত্বশীল দিকনির্দেশনা পেলে এই রাগই গণতান্ত্রিক পরিবর্তনের শক্তিশালী চালিকাশক্তিতে রূপ নিতে পারে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাগ অনেক সময় ইতিবাচক শক্তিতে রূপ নিতে পারে না। এর প্রধান কারণ হলো রাগকে অর্থবহ ও গঠনমূলক পথে প্রকাশ করার জন্য প্রয়োজনীয় সংলাপ, অংশগ্রহণ এবং বিশ্বাসযোগ্য রাজনৈতিক পরিসর ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এমনই এক অনুভূতি অসংখ্য নাগরিকের মধ্যে স্পষ্টভাবে লক্ষ করা যায়। যখন মানুষ দেখে, তার কথা শোনা হচ্ছে না বা মতপ্রকাশের সুযোগ সীমিত, তখন রাগ প্রকাশের স্বাভাবিক ও শান্তিপূর্ণ পথ বন্ধ হয়ে যায়। এর ফলেই রাগ ধীরে ধীরে অন্য রূপ ধারণ করে এবং সেখান থেকেই জন্ম নেয় বিরাগ, যা রাজনীতির প্রতি নীরব অনাস্থা তৈরি করে। বিরাগ রাজনীতির সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে বিপজ্জনক আবেগ। রাজনৈতিক বিরাগ বাড়লে নাগরিক অংশগ্রহণ কমে যায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কেবল আনুষ্ঠানিক কাঠামোতে পরিণত হয়।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরাগ জমে ওঠার পেছনে কয়েকটি বাস্তব ও পর্যবেক্ষণযোগ্য কারণ কাজ করেছে। এর মধ্যে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ, রাজনৈতিক সহনশীলতার অভাব, বিরোধী মতের প্রতি অনাস্থা এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের সীমাবদ্ধতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর প্রভাব অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী। কারণ বিরাগ মানুষকে নীরব করে তোলে, তাকে চুপ থাকতে শেখায়। কিন্তু কখনোই সত্যিকারের সন্তুষ্টি দেয় না। চুপ থাকা মানেই, শান্ত থাকা নয়। অনেক ক্ষেত্রে এই নীরবতা ভবিষ্যতের অস্থিরতা, ক্ষোভ ও বিস্ফোরণের পূর্বাভাস। যখন রাগ ও বিরাগ দীর্ঘ সময় ধরে জমতে থাকে এবং তার কোনো গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য বা শান্তিপূর্ণ সমাধান পাওয়া যায় না, তখন জমে থাকা আবেগ একপর্যায়ে ক্রোধে রূপ নিতে পারে। ক্রোধ হলো রাজনৈতিক আবেগের সবচেয়ে তীব্র, অনিয়ন্ত্রিত এবং বিপজ্জনক স্তর, যেখানে ধৈর্য ও বিচারবোধ দ্রুত ক্ষয় হতে থাকে। এই অবস্থায় মানুষের আবেগ হঠাৎ বিস্ফোরিত হয় এবং যুক্তি, সংলাপ কিংবা সমঝোতার জায়গা দখল করে নেয় উত্তেজনা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা একাধিকবার দেখেছি যে দীর্ঘদিনের হতাশা, বঞ্চনা ও অবহেলার অনুভূতি সমাজের একটি অংশকে সহিংস আন্দোলন, ভাঙচুর, প্রতিহিংসামূলক আচরণ কিংবা চরম অবস্থানের দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে ক্রোধ আর নীতি বা মূল্যবোধের কথা শোনে না, বরং তা প্রতিশোধ, ধ্বংস এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ভাষায় কথা বলে। ফলে রাজনৈতিক সংকট তখন আর কেবল মতভেদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর ঝুঁকি তৈরি করে। মনোবিজ্ঞানের গবেষণা বলছে, ক্রোধের মুহূর্তে মানুষের বিচারক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক পরিসরে এর সরাসরি অর্থ হলো সংলাপের দরজা বন্ধ হয়ে যাওয়া, পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার জায়গা ক্রমে সংকুচিত হয়ে আসা এবং সমাজের ভেতরে বিভাজন আরও তীব্র হয়ে ওঠা। যখন ক্রোধ রাজনীতির প্রধান ভাষায় পরিণত হয়, তখন সমাজ সহজেই দুটি বিপরীত শিবিরে ভাগ হয়ে যায়। যেখানে ‘আমরা’ এবং ‘ওরা’ এই বিভাজনই মানুষের প্রধান পরিচয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের মতো বহুমাত্রিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ সমাজে এ ধরনের বিভাজন দীর্ঘমেয়াদে গভীর ক্ষতি ডেকে আনে। এতে পারস্পরিক আস্থা দুর্বল হয়, সামাজিক সংহতি ভেঙে পড়ে এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা হ্রাস পায় যা শেষ পর্যন্ত রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলে।
এখানে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সক্ষম এবং দায়িত্বশীল নেতৃত্ব চাইলে, মানুষের রাগকে গঠনমূলক ও গণতান্ত্রিক শক্তিতে রূপ দিতে পারে। আবার চাইলে একই রাগকে উসকে দিয়ে ক্রোধে পরিণত করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় যে, আবেগকে প্রায়ই কৌশলগত উপায়ে ব্যবহার করা হয়। বিশেষ করে ভাষণ, সেøাগান, রাজনৈতিক প্রতীক ও প্রচারণার মাধ্যমে। কখনো এই আবেগ জনগণকে সচেতন করে এবং সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের দিকে পরিচালিত করে, আবার কখনো তা বিভ্রান্তি সৃষ্টি করে এবং রাজনৈতিক বিভাজনকে তীব্র করে। সমস্যা তখনই হয় যখন এই আবেগকে নীতি, দায়বদ্ধতা বা যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ার বিকল্প হিসেবে দেখানো হয়। তখন রাজনীতি আর সমস্যার সমাধানের ক্ষেত্র হিসেবে কাজ করে না। বরং এটি পরিণত হয় আবেগের প্রদর্শনীতে, যেখানে শক্তি এবং প্রভাবের প্রতিযোগিতা আবেগকে নিয়ন্ত্রণ করে এবং যুক্তি ও ন্যায়বিচারের জায়গা সংকুচিত হয়। রাষ্ট্রের দায়িত্ব এখানে সবচেয়ে বড়। এটিই রাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি হিসেবে কাজ করে। যদি রাষ্ট্র জনগণের রাগকে মনোযোগ দিয়ে শোনে, বিরাগকে গুরুত্ব দেয় এবং ক্রোধ গড়ে ওঠার আগেই সংলাপের দরজা খুলে আলোচনার সুযোগ প্রদান করে, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে কাজ করতে পারে। কিন্তু যদি রাষ্ট্র নাগরিকদের আবেগকে উপেক্ষা করে, তাদের সমালোচনাকে শত্রুতা হিসেবে গ্রহণ করে এবং অংশগ্রহণের সুযোগ সীমিত রাখে, তাহলে বিরাগ আরও গভীর হয় এবং দীর্ঘমেয়াদে আস্থা ভাঙে। গবেষণা বলছে, রাষ্ট্রের প্রতি আস্থা কমে গেলে, মানুষ প্রাতিষ্ঠানিক রাজনীতির বাইরে বিকল্প পথ খুঁজতে শুরু করে যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর এবং রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই প্রবণতা লক্ষ করা যায়। যেখানে দীর্ঘমেয়াদি অনাস্থা এবং অংশগ্রহণহীনতা রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। তাই রাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে ওঠে, জনগণের আবেগকে গ্রহণযোগ্য ও গঠনমূলক পথে পরিচালনা করা। যাতে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বিশ্বাসযোগ্য, সুষ্ঠু এবং স্থিতিশীল থাকে।
নাগরিকদের ভূমিকা রাজনীতিতে গুরুত্বপূর্ণ। মানুষের আবেগ থাকা স্বাভাবিক এবং তা রাজনৈতিক আচরণের একটি অপরিহার্য অংশ। কিন্তু সেই আবেগ কীভাবে প্রকাশ করা হচ্ছে এবং কোন পথে পরিচালিত হচ্ছে সেটিই রাজনৈতিক পরিণতির মূল নির্ধারক। যখন নাগরিকরা রাগকে যুক্তি, বিশ্লেষণ এবং শান্তিপূর্ণ দাবিতে রূপান্তরিত করতে সক্ষম হয়, তখন সেটি গণতান্ত্রিক পরিবর্তনের শক্তিশালী পরিচায়ক হিসেবে কাজ করে। বিরাগকে সংলাপের মাধ্যমে আলোচনা ও সমাধানের পথে আনা হলে, তা গণতান্ত্রিক সাহস এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণের প্রতিফলন হিসেবে দেখা যায়। আর ক্রোধের মুহূর্তে থামতে পারা এবং তা নিয়ন্ত্রিতভাবে মোকাবিলা করা হলো, রাজনৈতিক প্রজ্ঞার সবচেয়ে বড় পরীক্ষা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যদি নাগরিক এবং নেতৃত্ব উভয়ই আবেগকে বোঝা, মূল্যায়ন করা এবং সংলাপের মাধ্যমে গঠনমূলক পথে পরিচালনা করার সংস্কৃতি গড়ে তোলে, তাহলে রাজনৈতিক সংঘাতের পরিবর্তে সমাধানমুখী, স্থিতিশীল এবং কার্যকর রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব। সবশেষে বলা যায়, রাজনীতি কোনো আবেগশূন্য কাঠামো নয়। এটি কেবল নীতি, আইন বা ক্ষমতার বিন্যাসের ওপর নির্ভরশীল নয়। বরং মানুষের আশা, প্রত্যাশা, হতাশা, ক্ষোভ ও স্বপ্নের সঙ্গে গভীর ও অবিচ্ছিন্নভাবে জড়িত। রাগ রাজনীতিকে সচল রাখে, আন্দোলিত করে এবং প্রভাবশালী পরিবর্তনের জন্য চাপ তৈরি করতে সক্ষম। বিরাগ নীরবে রাজনৈতিক শক্তিকে দুর্বল করে এবং জনমতের প্রতি আস্থার ক্ষয় ঘটায়। আর ক্রোধ রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সংহতি এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়াকে অস্থিতিশীল করে তুলতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই আবেগগুলোকে কেবল পর্যবেক্ষণে সীমাবদ্ধ না রেখে কীভাবে বোঝাচ্ছি, মূল্যায়ন করছি, সংলাপের মাধ্যমে পরিচালনা করছি এবং গঠনমূলক দিকনির্দেশনা দিচ্ছি তার ওপর। আবেগকে দমন বা অবমূল্যায়ন না করে বরং সম্মান, সচেতনতা এবং দায়িত্বের সঙ্গে গ্রহণযোগ্য পথে মোকাবিলা করাই রাজনৈতিক প্রক্রিয়াকে মানুষের আস্থার জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত করার সবচেয়ে কার্যকর উপায়। কারণ শেষ পর্যন্ত রাজনীতি মানুষের জন্য এবং মানুষ কখনোই সম্পূর্ণভাবে আবেগহীন নয়। মানুষের আবেগই রাজনীতির গতি, সীমানা এবং গঠন নির্ধারণ করে।
লেখক: প্রাবন্ধিক ও চেয়ারম্যান ডিআরপি ফাউন্ডেশন
rssarker69@gmail.com