বেতারের নির্বাচনী প্রচারণা থিম সংয়ে একঝাঁক শিল্পী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ বেতারে নির্বাচনী প্রচারণার জন্য একটি গান করা হয়েছে। গানের শিরোনাম ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’। নির্বাচনে সব জনগণকে ভোট দিতে অনুরেপ্ররণা দিতে এবং সবার কাছে নির্বাচনের সার্বিক প্রচারণার জন্যই শুধু বেতারে প্রচারের জন্য এই থিম সংটি করা হয়েছে। নূরুল ইসলাম মানিকের লেখা ও রুবায়েত শামীম চৌধুরীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইবনে রাজন। ‘জাতীয় সংসদ নির্বাচন, নাড়ছে কড়া দুয়ারে, সারাটা দেশ হাসছে দেখো, আনন্দেরই জোয়ারে’ এমন সূচনার গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের বেশ কয়েকজন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। তারা হলেন সাব্বির জামান, অপু আমান, খালেদ মুন্না, মুহিন খান, রাশেদ, তানজিনা করিম স্বরলিপি, প্রিয়াঙ্কা বিশ্বান, ইয়াসমিন লাবণ্য, শবনম প্রিয়াঙ্কা ও মিরাজুল সোনিয়া।

এরই মধ্যে গানটি ঢাকার বাংলাদেশ বেতার কেন্দ্রতে রেকর্ড করা হয়েছে। গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান বলেন, ‘নির্বাচনী প্রচারণার জন্য এই গান করতে গিয়ে আমাদের সব শিল্পীদেরই অনেক সময় দিতে হয়েছে। আমরা চার দিন সময় দিয়েছি। সর্বশেষ গতকাল শনিবার বিকেলেও কেন্দ্রীয় শহীদ মিনারে গানটির ভিডিওর জন্য সময় দিয়েছি। আমরা সবাই চাইছি গানটি যেন ভালো হয়, নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে যেন গানটি উদ্ধুদ্ধ করতে পারে। আমিসহ আমরা সবাই অর্থাৎ সাব্বির, অপু, প্রিয়াঙ্কা বিশ্বাস, লাবণ্য, শবনম প্রিয়াঙ্কা, স্বরলিপি, খালেদ মুন্না, সোনিয়া সবাই ভীষণ আন্তরিকতা নিয়েই গানটি গেয়েছি। কারণ এই গান থেকে যাবে। আশা করছি গানটি প্রচারে এলে সবার মধ্যে সাড়া ফেলবে এবং এই গানে অনুপ্রাণিত হয়ে ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’

তানজিনা করিম স্বরলিপি বলেন, ‘আমার সংগীত জীবনের জন্য এটা সত্যিই এক নতুন অভিজ্ঞতা। ধন্যবাদ এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করছি গানটি সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।’