চট্টগ্রাম ৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।
এদিকে আজ গতকাল শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী। এ সময় নেতা-কর্মীদের সব মান-অভিমান ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
গত ৩ নভেম্বর আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন।
চট্টগ্রাম৪ আসনে প্রার্থী পরিবর্তনের বিষয়টি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান নিশ্চিত করেছেন।
গতকাল সকালে বাড়িতে মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষের পক্ষে এত দিন জনমত গঠন করেছেন। তিনি দলের পরীক্ষিত নেতা। তিনিসহ সবাইকে মিলেমিশে ধানের শীষকে জয়ী করে আনতে হবে।
যদলের প্রার্থী পরিবর্তনের বিষয়ে জানতে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি সাড়া দেননি। তার ভাই ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে এখনো নিশ্চিত নই। দল যাকেই চূড়ান্ত মনোনয়ন দিক, সবাই ধানের শীষের পক্ষে কাজ করব।’
উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হলে আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন তারা। একই দিন ঢাকা চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়। এসব ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনে আসলাম চৌধুরীর অনুসারী বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।