ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বাড্ডায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন সম্পন্ন হয়।

এবারের সমাবর্তনে সর্বমোট ১৭৩৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ চারজন মেধাবী শিক্ষার্থীকে আচার্যের স্বর্ণপদক প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নতুন নতুন উদ্ভাবনকে কীভাবে স্কেলেবল সমাধানের মাধ্যমে আরও উন্নত ও টেকসই করা যায়, সেদিকে নজর দিতে হবে। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শ্রমভিত্তিক শিক্ষাকে জ্ঞানভিত্তিক শিক্ষায় রূপান্তর করতে হবে।

তিনি গ্র্যাজুয়েটদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ন্যায়ভিত্তিক কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, অর্জিত জ্ঞান যেন শুধু ব্যক্তিগত সমৃদ্ধিতে সীমাবদ্ধ না থেকে সমাজ উন্নয়নের কাজে লাগে, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইনের গ্রেইঞ্জার ডিস্টিংগুইশড চেয়ার ইন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. এম তাহের এ সাইফ। তিনি ডিগ্রিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মানব কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন।

ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন, ইউআইইউ গ্র্যাজুয়েটরা তাদের মেধা ও পেশাদারিত্বের মাধ্যমে পরিবার ও দেশের জন্য গৌরব বয়ে আনবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, অনুষদগুলোর ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।