রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কোয়ালিটি সুপারভাইজারের দায়িত্বে ছিলেন।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুলকে হাসপাতালে পৌঁছে দেওয়া প্রতিবেশী ও তার দুঃসম্পর্কের ভাতিজা সাকিব আলম জানান, রাতের সময় গ্রাম থেকে ফোনে খবর আসে যে নাজমুল হাউজ বিল্ডিং জয়নাল মার্কেট নতুন গেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পরে তিনি নিজে কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান। আহত অবস্থায় নাজমুলকে পথচারীরা হাসপাতালে নিয়ে এসেছিলেন।
সাকিব আলম আরও বলেন, পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, হাউজ বিল্ডিং জয়নাল মার্কেট নতুন গেট এলাকার রেললাইনে দুই দিক থেকে আসা দুটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। তবে সেখানে তিনি কোথায় যাচ্ছিলেন, তা কেউ বলতে পারেননি।
নাজমুলের পরিবার জানিয়েছে, তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামে। বাবার নাম নুর নবী। তিনি গাজীপুরের টঙ্গীতে বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।