শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে আবারও জায়গা পেয়েছেন অলরাউন্ডার শাদাব খান, তবে দলে নেই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। আগামী মাসে ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭, ৯ ও ১১ জানুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় তাকে বিবেচনায় নেওয়া হয়নি, যা সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে তার সম্ভাবনার দিকেও প্রশ্ন তুলছে।
কাঁধের অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন শেষে জাতীয় ক্রিকেট একাডেমিতে সফলভাবে ফিটনেস ফিরে পেয়েছেন শাদাব খান। সর্বশেষ তিনি জুনে পাকিস্তানের হয়ে খেলেছিলেন। বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটকিপার–ব্যাটার খাজা নাফে। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার এখনো আন্তর্জাতিক অভিষেক না হলেও পাকিস্তান শাহিনসের হয়ে নজর কেড়েছেন। টি–টোয়েন্টি ক্যারিয়ারে ৩২ ম্যাচে তার স্ট্রাইক রেট ১৩২.৮১।
পাকিস্তান স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা ৭ ক্রিকেটারকে। যাদেরকে ছাড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে- রংপুর রাইডার্সের ফাহিম আশরাফ ও ওপেনার খাজা নাফি; রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ, সিলেট টাইট্যান্সের সাইম আইয়ুব এবং উসমান খানকে ও পেসার সালমান মির্জাকে।
পাকিস্তানের টি–টোয়েন্টি দল (শ্রীলঙ্কা সিরিজ)
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
সিরিজ সূচি
৭ জানুয়ারি – প্রথম টি–টোয়েন্টি
৯ জানুয়ারি – দ্বিতীয় টি–টোয়েন্টি
১১ জানুয়ারি – তৃতীয় টি–টোয়েন্টি