নতুন পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’

আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বছরের শুরুর আগেই সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন পড়তে পারবে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের  (এনসিটিবি) ওয়েবসাইটে (www.nctb.gov.bd) এসব নতুন পাঠ্যবই পাওয়া যাবে বলে জানিয়েছে সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা সংস্থাটি। অন্যদিকে, নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের কপি তুলে দেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের এসব পাঠ্যবইয়ে। এরই ধারাবাহিকতায় এবার পাঠ্যবই থেকে বাদ গেছে ‘বঙ্গবন্ধু’ নাম, যুক্ত করা হয়েছে ‘শেখ মুজিবুর রহমান’। এর আগে ২০২৫ সাল পর্যন্ত সব পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ বলে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হতো। এখন থেকে সেটা আর থাকছে না।

জানা গেছে, আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সব পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে যুক্ত করা হয়েছে ‘শেখ মুজিবুর রহমানের’ নাম। এনসিটিবির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পাঠ্যবইয়ে নানা সংশোধন এসেছে। মাধ্যমিকের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’ যুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে লিখিতভাবে চিঠি পেয়েছে এনসিটিবি। এরপর সংস্থাটি এই সংশোধনের উদ্যোগ নেয়।

২০২৬ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়ের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম’ শীর্ষক তৃতীয় অধ্যায়ের ‘পাঠ-২: ৭ই মার্চের ভাষণ’-এ দেখা গেছে, সাত জায়গার মধ্যে ছয় জায়গায় ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’ যুক্ত করা হয়েছে। তবে এক জায়গায় ‘বঙ্গবন্ধু’ নামটি এখনো রয়ে গেছে।

এনসিটিবি সূত্র জানিয়েছে, পাঠ্যবইয়ে শিরোনাম কিংবা উপাধি হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম ‘বঙ্গবন্ধু’ দেওয়া হলে সেটি সংশোধন করা হয়নি। তবে নামের ক্ষেত্রে ‘বঙ্গবন্ধু’ সংশোধন করে ‘শেখ মুজিবুর রহমান’ যুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান অভিযুক্ত অন্যান্যদের সঙ্গে আগরতলা মামলা থেকে অব্যাহতি পেয়ে মুক্তি লাভ করেন। পরের দিন ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ তার সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক জনসভার আয়োজন করে এবং সেখানে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদান করা হয় শেখ মুজিবুর রহমানকে। তখন সেটি ঘোষণা দিয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা ও বর্তমানে অসুস্থ হয়ে শয্যাশায়ী আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

জানা গেছে, গত দেড় যুগে আওয়ামী লীগের শাসনামলে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ হিসেবে পরিচয় করিয়ে দিতেন তৎকালীন নীতিনির্ধারকরা। এরই ধারাবাহিকতায় পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’ হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হতো।