নৌকাডুবিতে প্রাণ গেলো স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার কোচ ও তিন সন্তানের

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তান নিহত হয়েছেন। স্প্যানিশ ফুটবল ক্লাবগুলো রোববার এই তথ্য নিশ্চিত করেছে।

ভ্যালেন্সিয়া সিএফ এক বিবৃতিতে জানায়, “ভ্যালেন্সিয়া সিএফ ফেমেনিনো বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তাঁর তিন সন্তানের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।”

স্থানীয় উদ্ধার দপ্তরের বরাতে জানা গেছে, ছয় সদস্যের পরিবার, চারজন ক্রু ও একজন স্থানীয় গাইডসহ মোট ১১ জনকে নিয়ে নৌকাটি শুক্রবার সন্ধ্যায় কোমোডো দ্বীপ থেকে পাদার দ্বীপে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যায়। মাউমেরে সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ফাথুর রহমান জানান, একটি পাশ দিয়ে যাওয়া জাহাজ তিনজনকে উদ্ধার করে এবং পরে উদ্ধারকারী দল আরও চারজনকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারপ্রাপ্তদের মধ্যে ছিলেন স্প্যানিশ ওই পরিবারের মা ও এক কন্যা। তবে ফার্নান্দো মার্টিন, তাঁর দুই ছেলে এবং আরেক কন্যা নিখোঁজ ছিলেন। শনিবার সকাল পর্যন্ত তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানান ফাথুর রহমান।

এ ঘটনায় রিয়াল মাদ্রিদ সিএফও শোক প্রকাশ করেছে। ৪৪ বছর বয়সী ফার্নান্দো মার্টিন সাবেক স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ফুটবলার ছিলেন। চলতি বছরই তিনি ভ্যালেন্সিয়া বি নারী দলের কোচ হিসেবে দায়িত্ব নেন।