ঢাকা-১৫ আসনে মনোনয়ন জমা দিলেন সিপিবি প্রার্থী রুবেল 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর সিপিবির সভাপতি হাসান হাফিজুন রহমান সোহেল, সম্পাদকমণ্ডলীর সদস্য আলী কাউসার মামুনসহ দলটির নেতাকর্মীরা। 

রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে রাজনীতি করে আসছে। এই নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে জনগণের ম্যান্ডেট অর্জনের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি নিজস্ব প্রতীক ‘কাস্তে’ নিয়ে অংশগ্রহণ করছে।

তিনি বলেন, আজ ঢাকা-১৫ আসনে আমাদের প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বর্তমান ব্যবস্থায় সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি না হয়ে অনেক ক্ষেত্রে জমিদারে পরিণত হন। এমপি হলে থোক বরাদ্দ, শুল্কমুক্ত গাড়িসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়, যা আমাদের সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।এই ব্যবস্থার পরিবর্তন আমরা চাই।
 
তিনি বলেন, আমাদের প্রার্থীরা কোনো জমিদার নন। তারা সাধারণ মানুষের স্বার্থে আইন প্রণয়ন ও সংসদে জনগণের কথা বলতেই সেখানে যেতে চান।