এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা রাজনৈতিক অধিকার, তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন জানিয়ে তিনি বলেন, আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তা জটিলতা সৃষ্টি করছে। বিষয়টি আমরা কমিশনের সামনে তুলে ধরেছি এবং এ নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার ও অপপ্রচার নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বিএনপি।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের সময় এআই ব্যবহার করে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর আশঙ্কা রয়েছে। এসব অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি।
তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে বিএনপি কমিশনের কাছ থেকে স্পষ্ট উদ্যোগ প্রত্যাশা করে।