রাজশাহীতে গুলিসহ পিস্তল ও বিপুল পরিমাণ পাইপগান উদ্ধার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে রান্নাঘরের খড়ির নিচ থেকে অস্ত্র, গুলি ও পাইপগান উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার কর হয়। 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার তানোর থানার চুনিয়াপাড়া গ্রামের অভিযান পরিচালনা করা হয়। কয়েকটি বসত বাড়ির পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচ থেকে একটি কাঠের হাতল যুক্ত বিদেশি পিস্তল ২টি খালি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১২টি শর্টগানের গুলি, ৪টি পাইপগান ও ৬টি চিকন পাইপসহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।