ভোলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভোলার বোরহানউদ্দিনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলা-চরফ‌্যাশন সড়কে মানিকারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের মো. মিজান, একই উপজেলার আজমেরি আরমিন ও রিয়াজ উদ্দিন।

প্রত‌্যক্ষদর্শীদের বরাতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের উদ্দেশ্যে রওনা করেন অটোরিকশাটি। পরে মানিকারহাট বাজার সংলগ্ন মাদরাসা মোড় এলাকায় আসলে একটি দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকায় দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক আজমেরি আরমিনকে মৃত ঘোষণা করেন ।

নিহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে বলে জানান ওসি।