ট্রাম্পের সমর্থন পেতে উদগ্রীব জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগোতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন। প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করাই এই বৈঠকের মূল লক্ষ্য। কিয়েভে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবং ওয়াশিংটন-কিয়েভের মধ্যে কয়েক সপ্তাহের নিবিড় আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রস্তাবটিতে এখনো মস্কোর সম্মতি নেই।

জেলেনস্কি বলেছেন, সর্বশেষ রুশ হামলা প্রমাণ করে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চান না। এদিকে কানাডায় অবস্থানকালে ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা শান্তি প্রচেষ্টা ব্যাহত করার রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে ক্রেমলিনের ওপর চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

নিজেকে 'শান্তির প্রেসিডেন্ট' হিসেবে তুলে ধরলেও ট্রাম্প এখনো প্রস্তাবটি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তার ভাষায়, তার অনুমোদন ছাড়া কোনো চুক্তি চূড়ান্ত হবে না। প্রস্তাবিত পরিকল্পনায় বর্তমান যুদ্ধরেখা বরাবর সংঘাত স্থগিত, সেনা প্রত্যাহার এবং বাফার জোন গঠনের কথা রয়েছে, যা ভূখণ্ড ছাড়ের বিষয়ে কিয়েভের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। তবে এটি পূর্ব ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রধান দাবিগুলো পূরণ করছে না।