যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। এ দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মনিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন খান বলেন, ‘গত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সময় অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বীর মুক্তিযোদ্ধাদের আগলে রেখেছিলেন। বিপদে-আপদে আমাদের খোঁজখবর নিয়েছেন। এ কারণে তার মনোনয়ন পরিবর্তনের খবরে উপজেলার সকল স্তরের মুক্তিযোদ্ধারা ব্যথিত।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইছাক আলী, সাবেক কমান্ডার আলাউদ্দীন, গোলাম রসুল, ইকবাল হোসেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির শরিক ১২ দলীয় জোট থেকে যশোর-৫ আসনের প্রার্থী হিসেবে মাওলানা রশিদ আহমাদের নাম ঘোষণা করা হয়।