হাসনাত আব্দুল্লাহকে আমি চিনি না: মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, একই আসনে প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে তিনি চেনেন না। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা হলে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, হাসনাত আব্দুল্লাহকে আমি চিনি না। তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কোনো পরিচয়ও নেই। আগে যেমন ছিল না, এখনো তেমনই আছে। কাজেই তাকে নিয়ে মন্তব্য করার সুযোগও আমার নেই।

নির্বাচনী সমীকরণ প্রসঙ্গে তিনি বলেন, দ্বিমুখী বা ত্রিমুখী প্রতিযোগিতার হিসাব তিনি করেন না। আমি সব সময় চ্যালেঞ্জ নিয়েই নির্বাচন করেছি। এবারও সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই মাঠে কাজ করছি, বলেন তিনি।

নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, গত ১৭ বছরে মানুষ ভোটের মাঠে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে এবার ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তার ভাষায়, আমরা আশা করছি, এবারের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।