জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন পদত্যাগের কোনও যৌক্তিকতা দেখছেন না বলে জানিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী প্রেস কনফারেন্স থেকে জানা গেছে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। তবে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের সময় জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়ক এরকম কোনও চুক্তির কথা বলেননি।
সামান্তা শারমিন বলেন, তৃতীয় শক্তি গঠনের উদ্যোগকে ব্যাহত করে এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সমস্ত বক্তব্যকে সমর্থন করি এবং স্বাগত জানাই।
তিনি আরও উল্লেখ করেন, ২৮ ডিসেম্বর বিকালে কিছু সদস্য আসন বিনিময়ের কারণে দলটির মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছেন। তবে তিনি নিজে কোনও পদত্যাগের যৌক্তিকতা দেখছেন না।