জুলাই শহীদদের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই শহীদদের কবর জিয়ারত করার ইচ্ছাপ্রকাশ করেছেন। খুব শিগগির এ বিষয়ে কর্মসূচি নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

রবিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডা. পাভেল বলেন, তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ এ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামকে নির্বাচনী কাজ পরিচালনার সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে ডা. পাভেল বলেন, আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর পরিকল্পনা বিষয়ক আলোচনা হয়েছে।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে এ পর্যন্ত দলের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্তগুলোর বিষয়ে আলোচনা করে তার দিকনির্দেশনা দিয়েছেন বলে জানান মিডিয়া সেলের আহ্বায়ক।