ইশতেহারে শিশু অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রাখার সুপারিশ

শিশুদের স্বাভাবিক বিকাশের স্বার্থে শিশু অধিকার নিশ্চিত করার বিষয়ে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার রাখার সুপারিশ করা হয়েছে ‘শিশু অধিকার পরিস্থিতি-২০২৫’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে। জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে পরিচালিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণ, হত্যা ও নিপীড়নের মতো সহিংস ঘটনার কারণে শিশুদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। গত ১১ মাসে পত্রিকায় প্রকাশিত ১ হাজার ৮৬৭টি নেতিবাচক সংবাদের মধ্যে ৬২ দশমিক ৬৬ শতাংশ (১১৭০টি) সংবাদ শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে সম্পর্কিত, যা যৌন ও জীবন নিরাপত্তার ক্ষেত্রে চরম ঝুঁকি নির্দেশ করে এবং শিশুদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের ভয়াবহতা তুলে ধরে।

গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’ ও স্ট্রিট চিলড্রেন অ্যাকটিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের সহায়তায় ‘সচেতন সংস্থা’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।