মেক্সিকোর ওয়াক্সাকায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রবিবার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর নৌবাহিনীর দেওয়া তথ্যে জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। হতাহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। তিনি জানিয়েছেন, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।

সরকারি সূত্র অনুযায়ী, রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকি করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত ও আটলান্টিক—এই দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত মেক্সিকো। দেশটির বিভিন্ন তীরবর্তী শহর ও বন্দরকে সংযুক্ত করতে ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামে বিশেষ একটি রেল পরিষেবা চালু করে সরকার। এই রেল ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে নৌবাহিনী। দুর্ঘটনাকবলিত ট্রেনটি ওই আন্তঃমহাসাগরীয় রেল পরিষেবারই একটি অংশ ছিল।

তথ্যসূত্র: রয়টার্স