ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর পক্ষ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দেন।
তারেক রহমানের মনোনয়ন পত্রে প্রস্তাবক ছিলেন ডা. ফরহাদ হালিম ডোনার অসমর্থক ছিলেন অ্যাডভোকেট আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ।
তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়ে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান একজন নির্যাতিত নিপীড়িত নেতা। তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরে এসেছেন। দেশের জনগণ ও দীর্ঘদিন থেকে ভোট দেয়ার অপেক্ষা করছে। নতুন প্রজন্ম আশা করি ধানের শীষ প্রতীকে ভোট দিবে।’
তিনি বলেন, ‘দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণে বিএনপির বিকল্প নেই। তারেক রহমান পিতার অনুসৃত পথ ধরে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করবেন।’