ফ্লোরিডায় নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক

গাজায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বিলম্ব নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা উদ্বিগ্ন। ট্রাম্প এই ধাপে অগ্রগতি চান, যেখানে হামাসের নিরস্ত্রীকরণ, গাজা নিরস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর সহায়তায় একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসন গঠনের বিষয় রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর একটায় বৈঠকটি শুরু হবে। আলোচনায় নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও উদ্বেগ তুলতে পারেন এবং সিরিয়া ও লেবানন পরিস্থিতি নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রগতির অভাব নিয়ে হতাশা বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই ধাপ কার্যত অচল অবস্থায় রয়েছে। তবে ট্রাম্প গাজা যুদ্ধবিরতিকে তার ক্ষমতায় ফেরার পর বড় কূটনৈতিক সাফল্য হিসেবে ধরে নিয়ে গতি ধরে রাখতে আগ্রহী।