কুবি শিক্ষক রাহিদ সাময়িক বহিষ্কার

অবৈধ উপায়ে চাকরি নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় তিনি ক্যাম্পাসে প্রবেশসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। রবিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ওনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমরা এখনই কিছু বলতে পারছি না। সবকিছু লিখিত আকারে এলে তখনই মন্তব্য করা সম্ভব হবে।

তবে বহিষ্কার বদলে সাময়িক বহিষ্কারের প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে আমরা ২০১৮ সালের আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদন পাওয়ার পর ২০১৮ সালের আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খোজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ২৯ জানুয়ারি আবু ওবায়দা রাহিদ মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। তবে নিয়োগের সময় তিনি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করলেও তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈনের সময় তাকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম জিপিএ ৩.৭০ থাকা বাধ্যতামূলক। কিন্তু রাহিদের স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল ছিল যথাক্রমে ৩.৫৬ এবং ৩.৫৪, যা নির্ধারিত মানদণ্ডের নিচে।