কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার এসব ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ, বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আবদুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।

তারা বলেন, শান্তিপূর্ণ মানবন্ধনে আবদুর রহমানের অনুসারীরা অতর্কিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন।

ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আবদুর রহমানকে গ্রেপ্তার করা না হলে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে রাজপথে আন্দোলনে নেমে আসবে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম সাংবাদিকদের বলেন, এখানে ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ রয়েছে। এখানে মানববন্ধনে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ দাঁড়িয়েছে। মানববন্ধন চলাকালে একটি পক্ষ এসে তাঁদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। মানববন্ধন শেষ হয়েছে। যারা আহত হয়েছেন, তাদের থানায় এসে মামলা করতে বলা হয়েছে।