কুমিল্লা-৪ আসন

হাসনাতকে স্বাগত জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জোট রাজনীতির প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে এই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পথ অনেকটাই সহজ হলো।

রোববার ঢাকায় জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় এনসিপি। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দেবীদ্বার আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আসে, যা জোটগত সমঝোতার বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। অপরদিকে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার উপজেলার বাসিন্দা। এর আগে গত ২৩ ডিসেম্বর এনসিপির নেতাকর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াতের পক্ষ থেকেও সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কর্মীদের ত্যাগ ও ধৈর্যের জন্য দোয়া করি। নির্বাচন না করলেও দেবীদ্বারের মানুষের পাশে থাকব। প্রত্যাশা অনুযায়ী সব কিছু করা সম্ভব না হলেও সংগঠনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।’

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেবীদ্বার আসনে জোট রাজনীতির বাস্তব চিত্র আরও স্পষ্ট হয়েছে। এখন এই আসনে ভোটের মাঠে কী ধরনের রাজনৈতিক সমীকরণ দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ভোটাররা।