আজ নয়াপল্টনে যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নয়াপল্টনের কার্যালয়ে যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়েছে। তবে সীমিত পরিসরে দলের সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। নিরাপত্তার অংশ হিসেবে কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিমও অবস্থান নিয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত রয়েছেন। তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আশা করা হচ্ছে দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।