তুরস্কে আইএসের সাথে সংঘর্ষে নিহত ৯

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের ইয়ালোভা প্রদেশে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের সঙ্গে সংঘর্ষে তিন তুর্কি পুলিশ কর্মকর্তা ও ছয় জঙ্গী নিহত হয়েছেন। আহত হয়েছেন আট পুলিশ সহ মোট নয় জন। সোমবার (২৯ ডিসেম্বর) স্থানীয় মিডিয়া ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করে। রাত ৩টায় একটি বাড়িতে বন্দুকধারীরা লুকিয়ে থাকার সন্দেহে অভিযান চালানোর সময় সংঘর্ষটি হয়।  

প্রশাসন এলাকায় রাস্তা বন্ধ করে দেয়, বুরসা প্রদেশ থেকে বিশেষ বাহিনী মোতায়েন করা হয় এবং অভিযান চলমান থাকে। আহত পুলিশ কর্মকর্তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

গত সপ্তাহে তুর্কি পুলিশ ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে আটক করেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বড়দিন এবং নববর্ষের উদযাপনের সময় হামলার পরিকল্পনা করা। তুরস্কের প্রসিকিউটররা জানিয়েছিলেন, এই গোষ্ঠী বিশেষভাবে অমুসলিমদের লক্ষ্য করছিল। প্রায় এক দশক আগে তারা তুরস্কে একাধিক প্রাণঘাতী হামলার দায়ী ছিল, যার মধ্যে রয়েছে ইস্তানবুলের একটি নাইটক্লাব এবং শহরের প্রধান বিমানবন্দরে হামলা।