ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১৫ আসন থেকে তিনি প্রার্থী হয়েছেন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়ন জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেনসহ আরও অনেকে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমাদের আমিরের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, সবাই মিলে যেন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়, সে প্রত্যাশা আমাদের রয়েছে। এ বিষয়ে আরও কাজ করার প্রয়োজন আছে। আশা করি নির্বাচন কমিশন এ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।