যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা হ্রাস, প্রাথমিকভাবে পাবে ১৭ দেশ

যুক্তরাষ্ট্র এবার জাতিসংঘের মানবিক সহায়তায় মাত্র ২০০ কোটি ডলার অনুদান দেবে, যা দেশটির ঐতিহ্যবাহী ১৭০০ কোটি বিলিয়ন অনুদানের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সোমবার (২৯ ডিসেম্বর) ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা সংক্রান্ত পদক্ষেপের অংশ হিসেবে এ নতুন অংক ঘোষণা করা হয়। এ প্রশাসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের দাতব্য ভূমিকা কেন্দ্রীয়করণ ও সংস্থাগুলোর পুনর্বিন্যাসে জোর দেওয়া হচ্ছে। 

প্রাথমিকভাবে এই তহবিল থেকে বাংলাদেশ, কঙ্গো, হাইতি, সিরিয়া এবং ইউক্রেন সহ ১৭টি দেশ সুবিধা পাবে। আফগানিস্তান ও ফিলিস্তিনকে আলাদা তহবিলের আওতায় সহায়তা দেওয়া হবে, যা ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত হবে। অর্থায়ন একটি যৌথ তহবিলের মাধ্যমে বিতরণ করা হবে, যাতে জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা ওসিএইচএ তহবিলের ব্যবস্থাপনা এবং বিতরণে নিয়ন্ত্রণ রাখবে। 

বিশ্বজুড়ে সমালোচকরা সতর্ক করেছেন যে এই অনুদান হ্রাস লাখো মানুষকে খাদ্য, আশ্রয় ও অপরিহার্য সেবা থেকে বঞ্চিত করতে পারে। জাতিসংঘ ইতিমধ্যেই ২০২৬ সালের জন্য ২৩০ কোটি ডলার আবেদনের  লক্ষ্য মাত্রার অর্ধেক মাত্র পেয়েছে। বিশেষভাবে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী, বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট, এবং দুর্ভিক্ষ ও খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অনুদান হ্রাসের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। 

এই কমানো অনুদান প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টজ বলেছেন,'সংস্কারের লক্ষ্য হলো মার্কিন করদাতাদের অর্থে আরও কার্যকর ও ফলপ্রসূ সহায়তা নিশ্চিত করা, যা ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।'