ময়মনসিংহ–১ আসনে প্রিন্সের মনোনয়নপত্র দাখিল

ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার দুপুরে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আলী নূরের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের পূর্বে তিনি হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামে নিজ বাড়ি 'ধারা মিয়া বাড়ি' ঈদগাহ মাঠে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, আলেম, ওলামা, গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চান এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি এই মাটি ও মানুষের সন্তান। আমার রাজনৈতিক লড়াই ব্যক্তিগত কোনও স্বার্থের জন্য নয়, বরং হালুয়াঘাট–ধোবাউড়ার মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, উন্নয়ন থেকেও পিছিয়ে রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে কাজ করতে চাই।

তিনি কান্না জড়িত কণ্ঠে বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান ও তার দ্রুত সুস্থতা কামনা করেন। মনোনয়নপত্র দাখিলের পূর্বে তিনি তার মরহুম বাবা, দাদা, দাদি ও অন্যান্য মুরব্বিদের কবর জিয়ারত করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন।