ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু ‘ব্যাটল অব ট্রেডার্স - সিজন ৫’ ও উইন্টার ফেস্ট

ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা ‘ব্যাটল অব ট্রেডার্স - সিজন ৫’ এবং উইন্টার ফেস্ট। মেলাটির আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাব।
 
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক হাফিজ টি. এ. খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

এই উদ্যোক্তা মেলায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। নানা ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী স্টল এর বাহারি পণ্যে সেজেছে মেলাটি। মেলাটি তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন, পণ্য প্রদর্শন ও উদ্যোক্তা সক্ষমতা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য তরুণদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

তিন দিনব্যাপী এই আয়োজন ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। উদ্যোক্তা মেলার পাশাপাশি উইন্টার ফেস্ট উপলক্ষে দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ধরনের বাহারি পিঠা ও খাবারের স্টল, যা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। উক্ত মেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার্স ও প্লেসমেন্ট এর উপপরিচালক কে এম মনিরুল ইসলাম।