ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫ জন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৭ জন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৬ জন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান।
তথ্য মতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিসের প্রার্থী ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের প্রার্থী এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়া।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।
নির্বাচন কমিশনের ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে।