২০২৬-এ নতুন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আনছে বিসিবি

প্রথম বিভাগ ক্রিকেট লিগ সংক্ষিপ্ত হয়ে গেছে ৮ ক্লাব অংশগ্রহণ না করায়। ক্লাবগুলোর বেঁকে বসার কারণে দ্বিতীয় বিভাগ ক্রিকেটেও দল পাবেন না অনেক ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি ফারুক আহমেদ এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন আগেই জানিয়েছিলেন, ক্লাবগুলো দল না গড়লে বিসিবি নিজস্ব উদ্যোগে একটু টুর্নামেন্ট আয়োজন করবে, যাতে করে ক্রিকেটাররা খেলার সুযোগ পান। সেই উদ্যোগেরই আনুষ্ঠানিক নাম সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। জানুয়ারির প্রথম সপ্তাহে রাজশাহী এবং বগুড়ায় মাঠে গড়াবে এই প্রতিযোগিতা। সোমবার বিসিবি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিসিবি সহসভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে করা হয়েছে এই আয়োজনের প্রধান। এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ও ক্লাব ক্রিকেটের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দেয়া। আশা করা হচ্ছে এই টুর্নামেন্টে ৬ থেকে ৮টি দল অংশ নেবে।

ই টুর্নামেন্টে সেই সব ক্রিকেটাররা সুযোগ পাবেন, যাদের নাম বিপিএলের ১২তম আসরের নিলামে থাকলেও যাদের প্রতি কোন দল আগ্রহ দেখায়নি। সেই সঙ্গে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে সব ক্রিকেটারদের অবনমিত ৮ ক্লাব সই করিয়েছিল, কিন্তু ক্লাবের সিদ্ধান্তের কারণে তাদের খেলা হচ্ছে না। জাতীয় নির্বাচকরা এই খেলোয়াড়দের বাছাই করবেন।

দিনচারেক আগে অনূর্ধ-২৩ ক্রিকেটারদের নিয়ে রাইজিং স্টার্স ক্রিকেট টুর্নামেন্ট হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর আদলে, অঞ্চল ভিত্তিক ৪ দল নিয়ে। তবে কোন সংস্করণে হবে সেটা এখনো ঠিক হয়নি, তবে টুর্নামেন্টটি হবে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়, বিসিবি সভা শেষে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।