নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরার নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। সেই ছবির প্রচার নিয়ে ইতিমধ্যেই ব্যস্ততা তুঙ্গে। গতকাল সোমবার চলচ্চিত্রটির ট্রেলারও অবমুক্ত করা হয়েছে। তবে এই চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই অভিনেতা এমন এক পোস্ট করলেন; যা দেখে অবাক নেটিজেনরা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অঙ্কুশ যে ছবিগুলো পোস্ট করেছেন তার কোনোটায় লেখা ‘অঙ্কুশ হোটেল’, আবার কোনোটায় লেখা, ‘অঙ্কুশ ঘি’। তা দেখে প্রথমে নেটিজেনরা খানিক অবাক হলেও পরে বুঝতে বাকি থাকেনি মূল ব্যাপারটা। অঙ্কুশের ওই পোস্টের সঙ্গে যে ইমোজি জুড়েছেন তা দেখেই বোঝা যাচ্ছে, তিনি নিজেই হতবাক হয়েছেন এবং মজাও পেয়েছেন এগুলো দেখে। নিজের মুঠোফোনে সেই সব ছবি তুলে ধরেছেন।
এ কথা কারও অজানা নয় যে, হাসি-মজায় মেতেই দর্শকের সামনে বরাবর আসতে ভালোবাসেন অঙ্কুশ। অভিনেতার এহেন মজার পোস্ট দেখে তার অনুরাগীরাও নেট মাধ্যমে তাকে অনেকেই প্রশ্ন করেছেন মজা করে, ‘দাদা এটা কি তোমার নতুন স্টার্টআপ?’ কেউ আবার জিজ্ঞেস করেছে ‘এটা কোথায় দাদা? বর্ধমানে?’ সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে, অঙ্কুশের সঙ্গে সঙ্গে তার অনুরাগীরাও বিষয়টা বেশ উপভোগ করেছেন।
উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে অঙ্কুশের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল...’। ছবি প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের ওপর। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত রম-কম ঘরানার এই ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই।