বন্দুক হাতে যুবদল কর্মীর পোজ, ফেসবুকে ভাইরাল

ফেনীর সোনাগাজীতে এক যুবকের বন্দুক হাতে ফিল্মি স্টাইলে পোজ দেওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল হয়েছেন। এ নিয়ে সর্বত্র তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ওই যুবক যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে ওই যুবকের পিতার দাবী মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করায় পুরাতন ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া যুবকের নাম মোহাম্মদ তানভির। সে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জহির মেম্বার বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। ফেসবুকে ছবি প্রকাশের পর তানভির আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।  তানভিরের পিতা সাহাব উদ্দিন ছেলের যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দেশ রুপান্তরকে বলেন, আমি গরীব মানুষ, টমটম চালিয়ে পরিবার নিয়ে দুঃখ-কষ্ট জীবন পার করছি। এলাকার বখাটেদের পাল্লায় পড়ে সে নষ্ট হয়ে গেছে। আগে ভাল ছিল, কাজকর্মের পাশাপাশি নামাজও পড়ত। বখাটেদের পাল্লায় পড়ে কাজকর্ম ছেড়ে দিয়েছে, মাঝে মাঝে রাজমিস্ত্রীর সহকারী হিবেবে কাজ করলেও অধিকাংশ সময় কাজ না করে আড্ডা দেয়। বন্দুক হাতে ছবি তোলার বিষয়ে ছেলেকে জিজ্ঞাসা করলে সে আমাকে জানায় স্থানীয় মহাজন বাড়ির নাইম তুলেছে। ছেলে ছবি তোলার বিষয়টি স্বীকার সে আমার কাছে ক্ষমাও চেয়েছে।