চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি

চট্টগ্রাম মহানগরের ১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে চট্টগ্রাম-১০ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান মনোনয়নপত্র জমা দিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আসেন। এ সময় তার সঙ্গে এক থেকে দেড়শ নেতাকর্মী ছিলেন। তারাও প্রার্থীর সঙ্গে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রবেশ করতে চান। তখন পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে কয়েকজনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন সাঈদ আল নোমান।

বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান সাংবাদিকদের জানান, মানুষের এই ভালোবাসা-আবেগ চট্টগ্রামের ঐতিহ্য। তার বাবার আমল থেকে তা দেখে আসছেন। তবে এটি একদিকে যেমন অর্জন, তেমনি বিব্রতকরও। এমন পরিস্থিতির কারণে বিব্রত হয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।