খালেদা জিয়ার মৃত্যু

যুক্তরাষ্ট্র-ফ্রান্স-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-ইইউ ও জাতিসংঘের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজ নিজ দূতাবাসের ফেসবুক পেজে তারা এই শোক জানিয়েছেন।

ঢাকাস্থ ফরাসি দূতাবাস শোকবার্তায় জানিয়েছে, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা বাংলাদেশের জাতীয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শোকের সময় তার পরিবার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা। তাঁর স্থায়ী প্রভাব স্মরণীয় থাকবে।’

যুক্তরাজ্য হাইকমিশনও গভীর শোক প্রকাশ করেছে। তারা বলেছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত।’

অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। এক বার্তায় তারা লিখেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী, নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের চিন্তা ও সমবেদনা বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।’

 যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে শোক বার্তা দেয়া হয়েছে।

বার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।’

ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশনও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। ইইউ জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

ঢাকার জাতিসংঘের অফিস এক শোক বার্তায় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। 

এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে।